জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ১০:৪৪ এএম
নাটোর স্টেশনে টিকিট কেটে ট্রেনে উঠতে না পেরে ক্ষুব্ধ হয়ে ট্রেনে পাথর নিক্ষেপ করে ভাঙচুর করেছেন দুই যাত্রী। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রব (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হলে অপর এক নারী পলাতক রয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনিয়া বেগম নামে এক নারীকে আসামি করে মামলা করা হয়েছে।
গ্রেফতার আব্দুর রব নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার জন্য নাটোর স্টেশন থেকে দুটি আসনবিহীন টিকিট সংগ্রহ করেন আব্দুর রব ও সোনিয়া বেগম। দুপুরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে দাঁড়ালে অতিরিক্ত যাত্রীর চাপে তারা দুজন ট্রেনে উঠতে না পেরে ক্ষুদ্ধ হন। এসময় প্লাটফর্মের সামনে রেললাইনে দাঁড়িয়ে আব্দুর রব ও সোনিয়া বেগম ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ শুরু করেন। তাদের ছোঁড়া পাথরে ট্রেনের একটি কাঁচের দরজা ভেঙে যায়। এ সময় স্টেশনে অবস্থানরত যাত্রীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে তারা প্ল্যাটফর্মে উঠে এলে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা আব্দুর রবকে আটক করেন। এসময় সোনিয়া বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। রেলওয়ে নিরাপত্তা কর্মীরা একজনকে আটক করেন। এ ঘটনা একটি মামলা করা হয়েছে।
প্রতিনিধি/টিবি