জেলা প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৩:৫৬ এএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জের খোয়াই ও পুরাতন খোয়াই নদীতীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন কর্মসূচি পালন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার।
শুক্রবার (৫ জুন) খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস মূল উপজীব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ভবিষ্যতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা। কেবল একটি নির্দিষ্ট দিনকে পরিবেশ দিবস ভাবলে হবে না, আমাদের অস্তিত্বের জন্য তথা পৃথিবী নামক গ্রহটিকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বন উজাড়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী, জলাশয়, সাগর-মহাসাগর দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্লাস্টিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য কেবল চ্যালেঞ্জই নয়- বরং আমাদের অস্তিত্বের সংকট। পরিবেশ ও প্রতিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সহজ ও কার্যকর সমাধান। বৃক্ষ রোপণ ও এর পরিচর্যা এবং বন সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী নির্মাণই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।
সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে। গাছ ফুল, ফল সৌন্দর্য বৃদ্ধিসহ ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তাই গাছ রোপণ এবং সংরক্ষণে উদ্যোগী হওয়া জরুরি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন বটতলা এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আইএফআইসি বাংক কর্মকর্তা মো. আকবর হোসেন ও গাছ মামা খ্যাত মো. রায়হান।
আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ।
প্রতিনিধি/এমএইচআর