উপজেলা প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ০৭:৩১ পিএম
সংসদে কোনো আলোচনা ছাড়াই মধ্যরাতে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জনগণের ওপর প্রভাব ফেলে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তা সংসদে বিস্তারিত আলোচনার মাধ্যমে হওয়া উচিত ছিল।
শুক্রবার (৫ জুন) বিকেলে সাভারের চাঁপাইন নিউ মডেল স্কুল মাঠে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জুবায়ের বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সরাসরি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় এবং মানুষের দৈনন্দিন জীবনযাত্রায়। অথচ সরকার সংসদ চলাকালীন সময়ে পরপর দুই দফা জ্বালানি তেল এবং সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ালেও এ বিষয়ে সংসদে কোনো আলোচনা করেনি।
জামায়াত নেতা বলেন, সরকার সব বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বললেও জ্বালানি ও বিদ্যুতের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদকে পাশ কাটিয়ে মধ্যরাতে সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তের তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি।
মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংসদেই আলোচনা হওয়া উচিত। সরকার দায়িত্বশীল আচরণ করলে তা ইতিবাচকভাবে গ্রহণ করা হবে। অন্যথায় সংসদ ও রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, জনগণের দুর্ভোগের পাশাপাশি দেশে ব্যাপক আর্থিক অনিয়ম ও লুটপাট চলছে। ইসলামী ব্যাংক থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তিনি এ ঘটনায় সরকারের ভূমিকারও সমালোচনা করেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রশংসা করে জুবায়ের বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত সংকট মোকাবিলায়ও জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব-ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম প্রমুখ।
কর্মসূচি শেষে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
প্রতিনিধি/জেবি