images

সারাদেশ

কলমাকান্দায় মোটরসাইকেল থেকে পড়ে পর্যটকের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ুন আহমেদ (২৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে রংছাতী ইউনিয়নের চন্দ্রডিঙ্গা পর্যটনকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন আহমেদ শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন বন্ধুদের নিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী চন্দ্রডিঙা পর্যটন কেন্দ্রে বেড়াতে এসেছিলেন। আজ দুপুরে এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে চড়ে চন্দ্রডিঙা এলাকায় গেলে পেছন থেকে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তার বন্ধুরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, মরদেহ থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস