জেলা প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ২৫ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান। এতে বক্তব্য দেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভুঁইয়া।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহ আলম বলেন, সরকারের এ প্রকল্পের মাধ্যমে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করে মূলধারার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি অবহেলিত, বিচ্ছিন্ন, অনগ্রসর ও অধিকারবঞ্চিত নারী, শিশু এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণ নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে গাজীপুর জেলার জেলা প্রশাসক নূরুল করিম ভুঁইয়া বলেন, তথ্য যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সঠিক তথ্য সমাজে ইতিবাচক ধারণা সৃষ্টি করে, আর ভুল বা বিভ্রান্তিকর তথ্য নেতিবাচক প্রভাব ফেলে। তথ্য বিভ্রাট এড়াতে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং প্রয়োজনে তথ্য সংরক্ষণের মাধ্যমে দায়িত্বশীলভাবে তথ্য উপস্থাপনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী মো. রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্মশালার উপদেষ্টা ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, কর্মশালার পরিচালক ও ইনস্টিটিউটের সহকারী পরিচালক মকবুল হোসাইন এবং গাজীপুর জেলার তথ্য কর্মকর্তা শামীমা নাসরিন।
প্রতিনিধি/এসএস