images

সারাদেশ

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৪ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম

রংপুর নগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় মাদক কারবারি, জুয়া, চুরি, চাঁদাবাজি, নারী নির্যাতন, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৪ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। এসময় ইয়াবা, গাঁজা, জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ এবং চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ জুন) বিকেলে মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল সূত্রে জানা যায়, রংপুর নগরীর তাজহাট থানা পুলিশ জুয়া খেলার অভিযোগে কলেজপাড়ার আনিছুর রহমান ওরফে ঘুটু (৩৫), মো. বাহারুল ইসলাম (৪০), মো. সোলেমান (৬৫), মো. আমিনুর ইসলাম (৫৪) এবং কাউনিয়া টেপামধুপুর এলাকার মো. জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় ৪০টি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।

মাদক সেবনের অভিযোগে পরশুরাম থানা পুলিশ পশ্চিম নীলকণ্ঠ এলাকার সাবেক বিজিবি কর্মকর্তা বেলাল উদ্দিনের ছেলে তানভীর আরমান রুমি (৩১), ও বাহাদুরসিংহ এলাকার জাহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। একই অভিযানে হাজীরহাট থানা পুলিশ ৫২ পিস ইয়াবাসহ রতিরামপুর দেহালিয়া এলাকার আব্দুর রাজ্জাক (৫০), মাদকসেবনের অভিযোগে অতিরামপুর যুগীপাড়া এলাকার বিকাশ চন্দ্র (২৫) ও শুভংকর মহন্তকে (২২) গ্রেফতার করে। হারাগাছ থানা পুলিশ ৮ পিস ইয়াবাসহ কার্তিক হাজিরবাজার এলাকার মো. স্বপন মিয়া (২৬) গ্রেফতার করে। মাহিগঞ্জ থানা পুলিশ আজিজুল্লাহ এলাকার সেলিম মিয়া (৩৯) ও হাবিবুর রহমানকে (৩২) ২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং নগদ ৩ হাজার ১০২ টাকাসহ গ্রেফতার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ পশ্চিম মুলাটোল এলাকার মো. মনোয়ার হোসেন মনুকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি তাজহাট এলাকার চান মিয়া ওরফে আকাশ ও মাইনেস হেমব্রম (৩৮) গ্রেফতার করা হয়। সেই সাথে নিয়মিত মামলায় একই এলাকার মো. জাকির হোসেন ওরফে জাকির মুসা (২৪) গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে কোতয়ালী থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো উদ্ধারসহ লালমনিরহাট সদর থানার রামজীবন এলাকার মো. আজিজুল ইসলাম ওরফে বাতাসু (২৮) গ্রেফতার করা হয়। উদ্ধার করা অটোর আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া সন্দেহজনকভাবে অপরাধ সংঘটনের উদ্দেশে ঘোরাফেরার অভিযোগে মিঠাপুকুরের কাশিনাথপুর এলাকার মো. মেহেদী হাসান (২৭) ও বাবুপাড়া সিটি মোড় এলাকার ইয়াছিন আলীকে (২৫) গ্রেফতার করে মহানগর পুলিশ।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও নন-এফআইআর প্রসিকিউশন দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। রংপুর মহানগর এলাকায় মাদক, চুরি, ছিনতাই, জুয়া, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ সকল ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস