images

সারাদেশ

নড়াইলে নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হওয়ার ১৫ ঘণ্টা পর চার বছরের শিশু ফারজানা খানমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী আইজপাড়া এলাকায় ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
 
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পরিবার ও ফায়ার সার্ভিস জানায়, গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা আলী মোল্যার মেয়ে ফারজানা অপর দুজন শিশুর সঙ্গে বাড়ির পাশের নলীয়া নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে ফারজানা তলিয়ে যায়। ফারজানার সঙ্গী অপর দুটি শিশু ফারজানার নিখোঁজের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে তার কোনো সন্ধান না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে কালিয়া ফায়ার সার্ভিস থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে দিনব্যাপী অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।
 
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির জানান, শিশুটি নিখোঁজের সংবাদটি পেলে খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালানো হলেও শিশুটিকে পাওয়া যায়নি। এক পর্যায়ে শুক্রবার সকালে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে।
 
প্রতিনিধি/এসএস