images

সারাদেশ

রংপুরে পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০৫:২৭ পিএম

রংপুরে পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পীরগাছা উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে দুই শিশু এবং দুপুরে নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসলে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়।

শুক্রবার (৫ জুন) সকালে ও দুপুরে পানিতে ডুবে তারা মারা যায়।

নিহতরা হলো পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) ও শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। এই দুই শিশু সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।

অন্যজন হলেন নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে দুপুরে গোসল করতে নেমে কলেজপড়ুয়া শিক্ষার্থী সিহাব (২৬)। নিহত ওই যুবকের বাড়ি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকায়।

0d865218-b1ca-48f3-9a8d-54c31fb2b17e

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু রাজিব ও সেনাতুল একসঙ্গে খেলতে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার করে লোকজনকে ডাকেন। পরে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে আজ শুক্রবার দুপুরে রংপুর নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সিহাব (২৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কলেজপড়ুয়া এই শিক্ষার্থীর বাড়ি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকায় বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস