জেলা প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাত দশটার দিকে উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থামথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন বিষয় নিয়ে সরকার ও সরদার গং এবং প্রামানিক গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে প্রামানিক গোষ্ঠীর নাসির মাস্টারকে গ্রামে ঢুকতে দিত না প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকেলে নাসির মাস্টার বাড়ি গেলে সরদার ও সরকার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসিরের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। হামলা চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট করা হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রামাণিক গোষ্ঠীর গৃহবধূ আমিনা খাতুন অভিযোগ করে বলেন, বিরোধের জেরে সরদার ও সরকার গোষ্ঠীর লোকজন তাদের মাঠের ধান কাটতে ও শুকিয়ে ঘরে তুলতে দিচ্ছে না। এমন কি তাদের পরিবারের পুরুষদেরকেও গ্রামে আসতে দিচ্ছে না প্রতিপক্ষরা।
সরদার গোষ্ঠীর গৃহবধূ বুলু জানান, তাদের লোকজনকে মারপিট করা হয়েছে এবং নাসির মাস্টার গ্রামের অনেক ক্ষতি করেছে। তাই তাকে গ্রামে জায়গা দেওয়া হবে না।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস