images

সারাদেশ

সড়কের পাশের সরকারি গাছ কেটেছেন বিএনপি নেতা, জব্দ করল প্রশাসন

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০২:১৬ পিএম

নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন একটি সড়কের পাশ থেকে মেহগনি ও আকাশমনি জাতের তিনটি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। খবর পেয়ে প্রশাসন গাছগুলো জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়ওয়ারী গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কের পাশে থাকা তিনটি গাছ সম্প্রতি কেটে ফেলেন স্থানীয় আইয়ুব আলী নামে এক ব্যক্তি। তিনি ওই এলাকার একটি ওয়ার্ডে বিএনপির সভাপতি বলে জানা গেছে। পরে কাটা গাছগুলো গজিনপুর মোড়ের পশ্চিম পাশে একটি মিলের সামনে রাখা অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে বুধবার সদর উপজেলার মেদনী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আইয়ুব আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

মেদনী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। রাস্তার পাশে থাকা কয়েকটি গাছ স্থানীয় আইয়ুব আলী নামে এক ব্যক্তি কেটেছেন বলে জানতে পেরেছি। খবর পেয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভূমি সহকারী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে গাছগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, বিষয়টি আগে আমাদের জানানো হয়নি। গণমাধ্যমের মাধ্যমে প্রথম জানতে পেরেছি। আমাদের উপ-সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, সরকারি সড়কের পাশের গাছ কাটার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে।

প্রতিনিধি/এফএ