images

সারাদেশ

সাইকেল ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট স্বামী, বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন স্ত্রীও

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ০৬:০১ এএম

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার বেলঘড়িয়া গ্রামের আনোয়ার হোসেন (৬০) এবং তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও তার স্ত্রী বাড়িতে বসবাস করতেন। তাদের একমাত্র মেয়ে খাদিজা খাতুন নাটোরে থাকেন। বাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি বৈদ্যুতিক তার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল।

বিকেলে আনোয়ার হোসেন বাড়িতে প্রবেশের সময় রান্নাঘরের পাশে রাখা একটি সাইকেল ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গেলে তার স্ত্রীও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

প্রতিবেশী পুটু মিয়া তাদের বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রীকে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে অন্যদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি শফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এমআর