images

সারাদেশ

ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ১২:১৪ এএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের দক্ষিণ পাপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহতরা হলো দক্ষিণ পাপরাইল এলাকার রিদম (৮) ও রিফাত (৭)। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রিফাত তার মা সীমা বেগমের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল রিদম ও রিফাত। একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে গেলে সেটি আনতে গিয়ে তারা পানিতে নামে বলে ধারণা করা হচ্ছে। সাঁতার না জানায় দুজনই পানিতে ডুবে যায়।

অনেকক্ষণ ধরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের স্বজন রুমা আক্তার বলেন, সকালে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়েই তারা ডুবে যায়।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এমআর