images

সারাদেশ

মাদক ব্যবসার অভিযোগে মায়ের সামনে চোখ-হাত বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৬, ১২:০৭ এএম

মাদক ব্যবসার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ব্যক্তিকে সালিস বৈঠকে চোখ-হাত বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ থাকলেও এ ধরনের নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হবি মিয়া (৪০) নারুই গ্রামের মৃত রহমতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারুই গ্রামের মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুপুরে নারুই বাজারে সালিস বৈঠকে বসে এলাকার মাদক নির্মূল কমিটি। বৈঠকে মাদক ব্যবসা করার অভিযোগ এনে হবি মিয়াকে হাজির করে তার ওপর নির্যাতন চালানো হয়। হবির মা ও তার স্ত্রীর সামনে তাকে নির্যাতন করা হয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, প্রথমে সালিসে সবার মাঝখানে হবি মিয়াকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। এরপর একজন গামছা দিয়ে তার চোখ এবং রশি দিয়ে হাত বাঁধেন। এরপর মাটিতে বসিয়ে হবি মিয়ার বাঁধা হাত-পায়ের কাছে নিয়ে হাত ও পায়ের ভেতর পাইপ ঢুকানো হয়। এ সময় আরেকজন গিয়ে তাকে মাটিতে শুইয়ে দেন। পরবর্তীতে আরেকজন বোতল দিয়ে তাকে পানি পান করান। এরপর শুরু হয় নির্যাতন। পরবর্তীতে দুইজন হবি মিয়াকে চেপে ধরে রাখেন এবং আরেকজন লাঠি দিয়ে পায়ের নিয়ে আঘাত করতে থাকেন।

নারুই গ্রামের বাসিন্দা মোকাররম, মোহসিন, তাজু ও হানিফ মেম্বারসহ আরও কয়েকজন মিলে হবি মিয়াকে নির্যাতন করেন বলে জানিয়েছে পুলিশ। নির্যাতন শেষে মাদক ব্যবসা করবে না অঙ্গীকার নিয়ে হবি মিয়াকে ছেড়ে দেওয়া হয়।

নবীনগর থানার শিবপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী জানান, ‘খবর পেয়ে নারুই গ্রামে যায় পুলিশ। নির্যাতনে জড়িতরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এছাড়া নির্যাতনের শিকার হবি মিয়া ও তার পরিবারের সদস্যদেরও বাড়িতে গিয়ে পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, হবি মিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে যুক্ত। তবে এভাবে সালিস বৈঠক করে তাকে নির্যাতন করার ঘটনা কোনোভাবেই গ্রাহণযোগ্য নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এমআর