images

সারাদেশ

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধ নিহত, বাড়িঘরে আগুন

জেলা প্রতিনিধি

০৪ জুন ২০২৬, ১১:৩৯ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে পুরোনো বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা হয়েছে। এতে কালাম তালুকদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ থেকে ৫ জন। এ সময় বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রাম ও পাশের গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত কালাম তালুকদার জগৎপুরা গ্রামের মৃত হাবিবুর রহমান তালুকদারের ছেলে। আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে গোলপেচা গ্রামের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কালাম তালুকদারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

tangail-2পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার সময় কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর দুই গ্রামে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এর আগে গত ২২ এপ্রিল দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জগৎপুরা ও গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন কয়েক দফা সংঘর্ষে অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানসহ অন্তত ২০ জন আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে প্রাণহানির ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

প্রতিনিধি/এমআর