জেলা প্রতিনিধি
০৪ জুন ২০২৬, ১১:২৮ পিএম
চুয়াডাঙ্গা সদরের ঘোড়ামারা ব্রিজ এলাকায় পূর্বাশা পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আকিব হোসেন নামে ২৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিব হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় দ্রুতগতিতে যাওয়া পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী কোচের (ঢাকা মেট্রো-গ-১৫-৫২৪২) সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আকিব হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের পকেটে পাওয়া একটি ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং ওষুধ ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এমআর