images

সারাদেশ

সুন্দরবনে ৪ বন্দুক-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

জেলা প্রতিনিধি

০৪ জুন ২০২৬, ০২:১৯ পিএম

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জামসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্য আল আমিন বাচ্চুকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দস্য বাহিনীর ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক আল-আমিন বাচ্চু হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালী এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্য অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) বিকেলে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আল আমিন বাচ্চুকে আটক করা হয়। এ অভিযানে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে বাহিনীটির ব্যবহৃত একটি আস্তানা ধ্বংস করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশের সমন্বয়ে মোরেলগঞ্জ উপজেলার পি সি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। সেখানে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আল-আমিন বাচ্চু হাওলাদার দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

কোস্টগার্ড আরও জানান, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি