images

সারাদেশ

নাটোরে শিশুকে ধর্ষণের অভিযোগে ফুচকাওয়ালাকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি

০৪ জুন ২০২৬, ১০:১৪ এএম

নাটোরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ফুচকা ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার মদনহাট এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে প্রতিবেশী এক নানির সঙ্গে পাশের জমিতে ঘাস কাটতে যায় শিশুটি। পরে একটা বাড়ি ফেরার পথে ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামের সঙ্গে তার দেখা হয়। শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তার পাশে একটি ঘাসের জমিতে নিয়ে যান শরিফুল। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালান। পরে বাড়ি ফিরে শিশুটি তার পরিবারের কাছে ঘটনাটি জানান। পরিবারের লোকজন দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

বুধবার সন্ধ্যায় ঘটনাটি এলাকায় জানাজানি হলে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্ত শরিফুলকে আটক করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান। 

তিনি জানান, খবর পেয়ে তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এএইচ