images

সারাদেশ

তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি

০৪ জুন ২০২৬, ০৭:১৪ এএম

কুমিল্লার বুড়িচংয়ে এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩ জুন) রাতে উপজেলার ভারেল্লা উত্তরের রামচন্দ্রপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত পুলিশ কনস্টেবলের নাম মো. ফোরকান। তিনি বুড়িচং থানার অধীনস্থ দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে সংঘর্ষের ঘটনায় অভিযোগের তথ্য পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল। এ সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, ইকবাল তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে  হামলা চালায়। হামলার একপর্যায়ে ইকবাল কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

ঘটনার খবর পেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/টিবি