জেলা প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মব সৃষ্টি করে বিজিবির কাছ থেকে চোরাই পণ্যবোঝাই একটি গাড়ি ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা।
বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাও করা হয় বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা চোরাই পণ্য নয়নপুর বাজারের বিভিন্ন গুদামে মজুত রাখা হয়। পরে সুযোগ বুঝে এসব পণ্য গাড়িযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। বুধবার দুপুরে কয়েকজন চোরাকারবারি একটি পিকআপ ভ্যানে করে চোরাই পণ্য পাচারের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে পিকআপটি জব্দ করেন।
এ সময় চোরাকারবারিরা পণ্যগুলো বৈধ দাবি করে পিকআপটি ছেড়ে দেওয়ার জন্য বিজিবি সদস্যদের ওপর চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে সেখানে আরও লোকজন জড়ো হয়। এ সুযোগে চোরাকারবারিরা মব সৃষ্টি করে। পরে পরিস্থিতি সামাল দিতে বিজিবি সদস্যরা জব্দ করা গাড়িটি ছেড়ে দিতে বাধ্য হন।
বিষয়টি জানতে চাইলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শফিউল ইসলাম বলেন, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে মব সৃষ্টি করে জব্দ করা গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রক্তপাত এড়াতে বাধ্য হয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এআর