জেলা প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকার দ্বন্দ্বে মিলন মিয়া (৩৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা (কান্দাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর অভিযুক্ত ইমন মিয়া ও তার মা হাবিয়া বেগমকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
কোন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মিলন মিয়া উপজেলার দলপা গ্রামের আমজুদ আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারে ভাঙারির ব্যবসা করেন।
আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের মমিন মিয়ার স্ত্রী হাবিয়া বেগম(৫৫) ও তার ছেলে ইমন মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন মিয়া স্থানীয় বাজারে ভাঙারির ব্যবসা করেন। মিলনের কাছে দুই হাজার টাকা পাওনা ছিল হাবিয়া বেগমের। আজ বুধবার দুপুরে পাওনা টাকার তাগাদা দিতে গেলে মিলনের সাথে তর্ক বাধে হাবিয়ার। এক পর্যায়ে ইমন দা দিয়ে মিলনের গলার বাম পাশে আঘাত করেন। এতে গুরুতর জখম হন মিলন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ইমন ও তা মা হাবিয়াকে আটক করে। এসময় ইমনকে গাছে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত মা ও ছেলেকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মা-ছেলে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসএস