জেলা প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ০৫:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের বাসিন্দা, অধুনালুপ্ত জাতীয় দৈনিক আজাদ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এফ. এস. জামিল পাভেল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২ জুন) বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং তিন বোনসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বুধবার (৩ জুন) জোহরের নামাজের পর উত্তর মৌড়াইল কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজা নামাজের আগে সাংবাদিক এফ. এস. জামিল পাভেলের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনায় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ. আ. ম. রশিদুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম।
জানাজায় সাংবাদিক সমাজ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
এআর