০৩ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার চার বছর বয়সী এক মার্কিন শিশুকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ জুন) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন - টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়া এলাকার শাহাব উদ্দিন (২৮), নাইটংপাড়া এলাকার কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লানপাড়া এলাকার আব্দুর রজব মিয়া (৩৫)।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় নিজ বাড়ির সামনের সড়কে খেলছিল মার্কিন নাগরিক ওই শিশু। এ সময় শিশুটিকে একা পেয়ে অপহরণের চেষ্টা চালায় অভিযুক্তরা।
একই দিন টেকনাফের শাপলা চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে র্যাবের টহল দল খবর পায় যে নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। তথ্য পেয়ে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ সময় উত্তেজিত জনতার মারধরে আহত তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে র্যাব জানতে পারে, আটক ব্যক্তিরাই শিশুটিকে অপহরণের চেষ্টা করেছিল। পরে শিশুটিকে উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসঙ্গে গ্রেফতার তিন আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ক.ম/