images

সারাদেশ

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে: ফখরুল

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ০২:৩৬ পিএম

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হবে। পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।

বিএনপি মহাসচিব জানান, ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ড কর্মসূচির কার্যক্রমও শুরু হয়েছে। সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং যেসব এলাকার রাস্তা-ঘাট এখনো উন্নয়নবঞ্চিত রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে পাকা করা হবে।

fakrul-2প্রয়াত নেতাদের স্মরণ করে তিনি বলেন, অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই। তারা পরপারে পাড়ি জমিয়েছেন। তাদের অবদান রুহিয়ার মানুষ চিরদিন মনে রাখবে।

ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ায় সকল ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে এবং নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য তরুণ সমাজকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের আগে মির্জা ফখরুল রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআর