জেলা প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ১১:১২ এএম
মুন্সিগঞ্জের শ্রীনগরে অটোরিকশার ভাড়া নিয়ে তর্কের সময় ধাক্কা খেয়ে পড়ে আবু কালাম (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালক জামাল হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে একই এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চালককে আটক করা হয়। আটক জামাল হোসেন উপজেলার লস্করপুর এলাকার আব্দুল বারেকের ছেলে।
নিহত আবু কালাম উপজেলার হাসাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শুকুর শেখ।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, আবু কালাম তার স্ত্রী সূর্যবান ও দুই সন্তানকে নিয়ে হাসাড়া বাসস্ট্যান্ডে আসেন। সেখান থেকে নিজ বাড়ি পশ্চিম হাসাড়া দক্ষিণপাড়ায় যাওয়ার জন্য অন্য একটি অটোরিকশায় ওঠার সময় চালকের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে চালক আবু কালামকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে অচেতন হন।
পরিবারের সদস্যরা দ্রুত অন্য একটি অটোরিকশায় করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত অটোরিকশা চালক জামালকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিনিধি/এমআর