images

সারাদেশ

চাঁদা দাবি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ১০:১৮ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর কেওতা ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের (৪৫) কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে গেলে স্থানীয় লোকজন ও ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার তাকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে রাজাপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাজাপুর থানার এসআই মো. সাইমন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অনি সিকদারকে পুলিশ হেফাজতে নেন। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তি ও ভুক্তভোগীকে থানায় নেওয়া হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, কেওতা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নেওয়ার পর ভুক্তভোগী ব্যবসায়ী আবুল হোসেন তালুকদার বাদী হয়ে চাঁদাবাজি আইনে মামলা দায়ের করেছেন।

আটক অনি সিকদারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

প্রতিনিধি/এএস