images

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলীর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৬, ১০:০৫ এএম

ফেনীর দাগনভূঞা উপজেলার বাংলাবাজার (পাকিস্তান বাজার) এলাকায় সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী জুনায়েদ কাওছারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম দুর্ঘটনায় জুনায়েদ কাওছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে মোটরসাইকেলে করে পৌরসভা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন জুনায়েদ কাওছার। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা বাঁধন পরিবহনের একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

দাগনভূঞা পৌরসভার সহকারী কর্মকর্তা মোখলেছুর রহমান হাসপাতালে উপস্থিত ছিলেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে তারা হাসপাতালে পৌঁছানোর আগেই জুনায়েদ কাওছার মারা যান। তার স্ত্রী হাসপাতালে এলেও স্বামীকে জীবিত অবস্থায় আর দেখতে পারেননি।

প্রতিনিধি/এএস