জেলা প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ০৮:৩৫ এএম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ফজলে রাব্বি (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ১৫ বছর বয়সী ভাগ্নি ইশাত। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে মতলব ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলে রাব্বি উপজেলার বাইশপুর বেপারী বাড়ির মো. মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহত ইশাত তার আপন ভাগ্নি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. জুয়েল ঢাকার যাত্রাবাড়ীতে সচিবালয়ের গাড়িচালক হিসেবে কর্মরত। পরিবারটির গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার কালাইয়া এলাকায়। ঈদ উপলক্ষে মা–বাবার সঙ্গে সে নানাবাড়ি মতলবে বেড়াতে এসেছিল।
চাঁদপুর সদর হাসপাতালে নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম উভয় পরিবারের এসব তথ্য নিশ্চিত করেন।
চাঁদপুরের অ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। সেখানে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন এবং তাদের হাসপাতালে নিয়ে আসেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, হাসপাতালে আনার আগেই ফজলে রাব্বির মৃত্যু হয়। আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এমআর