images

সারাদেশ

ফরিদপুর হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০৮:০৮ পিএম

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডীপর্দি গ্রামের বরকতের সাত মাস বয়সি ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার রাফসানের দুই বছর বয়সি মেয়ে আদিবা।

মঙ্গলবার (২ জুন) হাসপাতাল সূত্রে জানা যায়, হামে আক্রান্ত হয়ে শিশু দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তারা মারা যায়।

এদিকে চলতি বছরে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন, হাম উপসর্গ নিয়ে সোমবারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। আমরা (জেলার সকল হাসপাতাল) হাম আক্রান্ত বা উপ-সর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের সেবায় সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া ২০ দিনের টিকা কার্যক্রম ক্যাম্পেইন আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। ওরা আশা করছি আগামী সপ্তাহের ঘর থেকে এ সংক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে কমে আসবে। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার ও উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে।

প্রতিনিধি/এসএস