নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম
চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী থানা এলাকায় বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকালে দুর্ঘটনাটি ঘটে।
স্কুলশিক্ষক ছেলে এ সময় তার বাবাকে নিয়ে আনোয়ারা উপজেলায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।
নিহতরা হলেন, বিধান মল্লিক (৪২) ও তার বাবা দুর্গাপদ মল্লিক (৭৫)। বিধান কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার সিংহরা গ্রামে। এ ঘটনায় একসঙ্গে বিধবা হলেন বউ ও শাশুড়ি। যারা মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে আর্তনাদ করছিলেন।

বিধবা হওয়া বিধান মল্লিকের বউ তিন্নি কিছুতেই মানতে পারছিলেন না এমন মৃত্যু। তার বুকফাটা আর্তনাদে ভারী হয়ে আসে হাসপাতালের পরিবেশ। তার প্রশ্ন কেন এমন সর্বনাশ হলো আমার। আমার ছেলেমেয়েদের কে দেখবে? দুই মেয়ে এক ছেলের বাবা বিধান মল্লিক। বড় মেয়ে পড়ে পঞ্চম শ্রেণিতে। ছেলের বয়স সাড়ে ৪ বছর। তারা তখনো বাসায়, জানে না তাদের বাবা, ঠাকুরদা আর নেই।
বিধান মল্লিকের ছোট ভাই বাবলার স্ত্রী আন্নি সেন কাঁদতে কাঁদতে বলছিলেন, সকালে দুজন একসাথে হাসিমুখে ঘর থেকে বের হয়েছে। কিছুক্ষণের মধ্যে এমন খবর। আমরা বিশ্বাস করতে পারছি না।
বাবলা মল্লিক বলছেন, বাড়িতে একটা পূজা দেওয়ার কথা ছিল। এ জন্য বাবা ও দাদা আনোয়ারায় যাচ্ছিলেন। তা আগে থেকেই জানতাম। বিকেলে ফিরে আসার কথা ছিল। ফিরল লাশ হয়ে।

বিধানের মা স্বপ্না মল্লিক স্বামী-সন্তানের দুর্ঘটনার খবর শুনেছেন শুধু। তিনি বলছিলেন, আমি ছেলে ও স্বামীকে না নিয়ে ঘরে যাব না। দুজনের চিকিৎসা চলছে এমন সান্ত্বনা দিয়ে স্বজনেরা তাকে বাসায় পাঠিয়েছেন ছেলের স্ত্রী তিন্নির সঙ্গে।
দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিধানের সহকর্মী শিক্ষক দেবাশীষ সেন, মো. ইমরান ছুটে আসেন হাসপাতালে। দেবাশীষের ভাষ্য, বিধান দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। প্রতিদিন নগরের পাথরঘাটার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কোরিয়ান ইপিজেড সংলগ্ন স্কুলটিতে আসা যাওয়া করতেন তিনি। কতবার তার মোটরসাইকেলে চড়ে স্কুলে যাওয়া আসা করেছি। কখনো বেপরোয়া চালাতেন না। কিন্তু আজ তাকে প্রাণ দিতে হলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম মহানগরী থেকে শাহ আমানত সেতু অতিক্রম করে মইজ্জ্যারটেকের দিকে যাচ্ছিল সবজিবোঝাই পিকআপ ভ্যান ও একটি মোটরসাইকেল। বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্গাপদ মল্লিক ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত বিধানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/এসএস