images

সারাদেশ

বান্দরবানে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গ্যা (৯) নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর দেড়টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমিনাইং তঞ্চঙ্গ্যা বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা গ্রামের কিংহলা তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয়রা ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সকালে মায়ের সঙ্গে জুমে কাজ করতে যায় শিশু সুমিনাইং। সেখানে দুপুরে দিকে জুমের বাগানের নিচে মিয়ানমার সীমান্তে কাটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পায়। সেটি সে জুম ঘরে এনে খেলতে থাকে। 

একপর্যায়ে পরিত্যক্ত মর্টার শেলটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে শিশু সুমিনাইং ঘটনাস্থলেই মারা যায়। পরে বিজিবি ও পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ঘুমধুম ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, দুপুরের দিকে কুড়িয়ে পাওয়া  মর্টার শেল খেলতে গিয়ে এক শিশু নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে সড়কের পাশে আনা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, মিয়ানমার সীমান্তে জুমের কাজ করতে গিয়ে এক শিশু নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।

প্রতিনিধি/এসএস