০২ জুন ২০২৬, ০৬:১৭ পিএম
তৃতীয় দফা জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মা ফাতেমা খানমের কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ভোলায় আনা হয় তোফায়েল আহমেদের মরদেহ। পরে দ্বিতীয় জানাজার জন্য ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরদেহ নেওয়া। সেখানে জানাজা শেষে বিকেলে তার গ্রামের বাড়ি কোড়ালিয়ায় আনা হয়।
তোফায়েল আহমেদের মৃত্যুকে ঘিরে ভোলার আওয়ামী নেতাকর্মীদের মধ্যে চলছে শোকের মাতম। সড়কের দুই পাশে অঝোরে কাদঁতে দেখা গেছে বহু নেতাকর্মীকে।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে আজাহার আলী ও ফাতেমা খানম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন সদ্য প্রয়াত এই রাজনীতিক। ৮৩ বছর বয়সে তিনি মারা গেলেন।
মৃত্যুকালে তোফায়েল আহমেদ তার একমাত্র কন্যা ডা. তাসলিমা আহমেদ মুন্নি ও জামাতা ডা. তৌহিদুজ্জামানসহ বহু স্বজন ও গুণীজন রেখে গেছেন।
নয়বারের সংসদ সদস্য ও চারবারের মন্ত্রী ছিলেন তোফায়েল আহমেদ। সর্বশেষ ২০১৮ সাল পর্যন্ত তিনি আওয়ামী সরকারের বাণিজ্যমন্ত্রী ছিলেন।
এএইচ