images

সারাদেশ

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০৬:০২ পিএম

উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি এবং শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজার এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

1c174acd-8185-49c5-b4e9-be96f6bcfeaf

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকা, আয়োডিনবিহীন শিল্পে ব্যবহৃত লবণ ব্যবহার এবং অপরিচ্ছন্ন জায়গায় বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার কারণে তারিকুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স টি জে ফুড প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

76745589-e781-4f8a-8ffb-336152763761

এছাড়া তদারকিকালে সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বা শিশু খাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।

প্রতিনিধি/এসএস