images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরি সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চুরির সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি ফিরোজ আলী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। তবে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে তিনি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান। এ সময় তারা একজনকে আটক করে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে।

গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তাকে মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস