জেলা প্রতিনিধি
০২ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম
পটুয়াখালীর গলাচিপায় সরকারি বরাদ্দের ভিজিএফ চাল বিক্রি করে অর্থ ব্যক্তিগত বিকাশ নম্বরে চাওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির এক নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি অডিও ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতা হলেন রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হায়দার আলী শরীফ।
সোমবার (১ জুন) রাতে গলাচিপা উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং নৈতিক স্খলনের অভিযোগে হায়দার আলী শরীফকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব আলতাফ খান যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে হায়দার আলী শরীফকে রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মাওলা শুভর সঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি ‘বিশেষ ভিজিএফ’ কর্মসূচির ১০ বস্তা চাল বিক্রি করে তার ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা পাঠানোর জন্য বলেন।
অডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জনমনে প্রতিক্রিয়া দেখা দিলে রাতেই উপজেলা বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে এবং হায়দার আলী শরীফকে দলীয় পদ ও সদস্যপদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানায়।
প্রতিনিধি/এসএস