images

সারাদেশ

মুন্সিগঞ্জে প্রবাসীর ঘরে ঢুকে গুলি, বাবা-ছেলে আহত, অভিযুক্ত আটক

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ব্যাবসায়িক পূর্ব বিরোধের জেরে এক সৌদি আরব প্রবাসীর ঘরে ঢুকে গুলি ও মারধরের ঘটনা ঘটেছে।

এতে সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ এবং তার ছেলে দিহান ইসলাম (১২) আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক সৌদি আরব প্রবাসী মো. রাকিবকে (৩৮) আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে আটক করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবে অবস্থানকালে দুই প্রবাসীর মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা দুর্বৃত্তরা রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি বুক, হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় তার ছেলে দিহান ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে রাতেই আহত দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে, মুন্সিগঞ্জ জেলার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত দিহান ইসলামকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম অভিযোগ করে বলেন, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা আমার স্বামীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং ছোট ছেলেকেও কুপিয়ে আহত করে। আমি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিষয়টা নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে এসেছি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস