০২ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওপর ‘নগ্ন হস্তক্ষেপের’ অভিযোগে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। তারা ব্যাংকটির চেয়ারম্যান ডা. খুরশীদ আহমদের পদত্যাগ দাবি করেছেন।
আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে শহরের কাপুড়িয়া পট্টি সড়কে ইসলামী ব্যাংকের ঝালকাঠি শাখার সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ‘ঝালকাঠি ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’।
মানববন্ধনে বক্তব্য দেন শাখা প্রতিষ্ঠাকালের গ্রাহক ও জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল হাই, যুবনেতা মো. নাজমুল হাসান, মাদ্রাসা সুপার মনিরুজ্জামান তালুকদার, ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বাবু, মো. মাহমুদুল হাসান, মো. নাছির উদ্দিন মৃধা, মীর আসাদুজ্জামান, আব্দুল্লাহ আল জাবের, মো. জালাল হোসেন, মো. মামুন খান, কামাল হোসেন সরদার, মো. মাসুদুর রহমান ও মো. সরোয়ার হোসেনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহলের প্রভাব ও প্ররোচনায় ব্যাংকের কার্যক্রমে অস্বচ্ছতা তৈরি হচ্ছে, যা গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের কোটি মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তাই এ প্রতিষ্ঠানকে সব ধরনের বিতর্ক ও প্রভাবমুক্ত রেখে পেশাদার ও দক্ষ নেতৃত্বে পরিচালনা করা জরুরি।
মানববন্ধন থেকে বক্তারা ব্যাংকের চেয়ারম্যান ডা. খুরশীদ আহমদের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।
প্রতিনিধি/ক.ম/