images

সারাদেশ

নওগাঁয় বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, সড়ক অবরোধ 

জেলা প্রতিনিধি

০২ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

নওগাঁয় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নওসাদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী দুই শিশু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান নামে এসি বাস ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। ঢাকা বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে ব্রিজ মোড় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এসময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে যাত্রী নওসাদ নিহত হয়। অটোরিকশায় থাকায় আরো দুই শিশু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।

এদিকে ঘটনার পর স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল ব্যবহৃত হয়। এতে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় দুই ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস