জেলা প্রতিনিধি
০২ জুন ২০২৬, ১২:৫১ পিএম
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় নিষিদ্ধ অ্যালকোহল পান করে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জনে দাঁড়ালো।
মঙ্গলবার (২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ওয়ার্ডেও ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম।
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০), একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫), সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫) এবং বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে মো. এরশাদ মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয় এবং অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। একজন দুপুরে আর একজনের রাতে মৃত্যু হয়। এ নিয়ে নিষিদ্ধ অ্যালকোহল পানে ৪ জনের মৃত্যু হলো এখন পর্যন্ত। তবে আরো কেউ গুরতর অসুস্থ আছে কিনা তা এখনও জানা যায়নি।
এ ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, তারা মদ্যপান করে অসুস্থ হয়ে মারা গেছে। মরদেহ যাতে পোস্টমর্টেম করাতে না হয়, এ জন্যই পরিবারের লোকজন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ জানান, নিষিদ্ধ অ্যালকোহল পানে দুইজনের মৃত্যুর খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে জানতে পারি আরও দুইজন মারা গেছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত করছেন। তদন্ত রিপোর্ট পাওয়ার সাথে সাথে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআরএম