জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ১০:৪৩ পিএম
রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও কাউনিয়া-পীরগাছা আসনের সংসদ সদস্য আখতার হোসেনের হাতে ফুল দিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছে।
সোমবার (১ জুন) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন তারা। যোগদান করেছেন টেপামধুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলামের নেতৃত্বে সাবেক সেক্রেটারি ও সদস্য ৮নং ওয়ার্ড বিএনপি টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪৩ জন নেতা-কর্মীসহ প্রায় ৬০ জন সাধারণ নাগরিক। পরে এনসিপিতে যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন আখতার হোসেন।
সদ্য যোগ দেওয়া নেতা-কর্মীদের উদ্দেশে আখতার হোসেন বলেন, বিএনপি থেকে আজ অনেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করছেন। আমরা সেই ভাইদের সাধুবাদ জানাই। চব্বিশের গণঅভ্যুত্থানের সময়টাতে আমাদের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন। আমরা একই সঙ্গে রাজপথে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু বিএনপি সরকার গঠন করার পরে গণভোটের রায়কে অস্বীকার করছে। জনগণের দেওয়া ভোটকে অস্বীকার করছে। এনসিপি জনগণের পক্ষের দল, যারা গণভোটের পক্ষে আছে, জনগণের পক্ষে আছে, তারাই এনসিপিতে যোগ দিচ্ছে। জুলাইয়ের রাজপথের যোদ্ধা হিসেবে বিএনপি থেকে যারা আজকে এনসিপিতে যোগ দিয়েছে, আমরা তাদেরকে হৃদয় থেকে বরণ করে নিচ্ছি।
প্রতিনিধি/এফএ