জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ১০:১৭ পিএম
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক আন্তর্জাতিক শিক্ষামূলক প্রতিযোগিতা জিরো অলিম্পিয়াড ২০২৬-এর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়ে নতুন এক গৌরবের নজির স্থাপন করেছেন মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আমজাদ হোসেন রিফাত।
তিনি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে গোহাড়ুয়া গ্রামের দীঘির পাড় নতুন বাড়ির আফছার উদ্দিনের ছেলে। রিফাত বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিভাগের শিক্ষার্থী।
সংস্থাটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগীর মধ্যে সেরা ৫১ জনের একজন হিসেবে ফাইনাল রাউন্ডে স্থান করে নিয়েছেন তিনি।
এই অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের শিক্ষা প্রতিষ্ঠানকেই নয়, মিশরে অধ্যয়নরত সমগ্র বাংলাদেশি শিক্ষার্থী সমাজকেও গর্বিত করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিফাত বলেন, ৯ হাজার ৩৩২ জন স্বপ্নবাজ তরুণ-তরুণীর সঙ্গে শুরু হয়েছিল আমার এই যাত্রা। প্রথম রাউন্ড অতিক্রম করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছিলাম ৩ হাজার ৪০৭ জন। এরপর দীর্ঘ পরিশ্রম, সৃজনশীল চিন্তা, নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতা প্রমাণের মধ্য দিয়ে চূড়ান্তভাবে ফাইনাল রাউন্ডে নির্বাচিত হয়েছি মাত্র ৫১ জন।
জানা যায়, জিরো অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একাধিক ধাপের কঠিন প্রতিযোগিতা ও মূল্যায়ন প্রক্রিয়া অতিক্রম করে নির্বাচিত শিক্ষার্থীরাই ফাইনাল রাউন্ডে অংশ নেওয়ার সুযোগ পান। সেই বিবেচনায় রিফাতের এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিনিধি/এফএ