জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০৯:২৮ পিএম
অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনার দায়ে ২ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ।
সোমবার (১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
এর আগে বিকেলে রংপুর নগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের মুকুন্দ রায়ের ছেলে ভূপতি কুমার রায় (২৫) ও কালীগঞ্জ থানার গোরন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম আবির (২৫)।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিল। অভিযানকালে তাদের কাছ থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৫টি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ও মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস সংযুক্ত সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধ দমনে আরপিএমপির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস