জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে বৃন্দা রানী (৫) ও সৃজন কুমার (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃন্দা রানী পূর্ব বেলকা (কদমতলী) গ্রামে বিধান চন্দ্র দাসের মেয়ে ও সৃজন কুমার একই গ্রামের নিরাশা বাদিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলাধুলা ও জাম পাড়ার সময় অসাবধানতাবশত দুই শিশু স্থানীয় ছবির উদ্দিনের পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাদের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর থেকে দুই পরিবারে শোকের মাতম চলছে। শিশুদের স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস