জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০৭:৪২ পিএম
ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে মারধর এবং বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে করা অভিযোগে বলা হয়, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঘাইটপাকিয়া গ্রামের বাসিন্দা মোছা. চামেলী আক্তার দীর্ঘদিন ধরে স্বামীর পৈতৃক সম্পত্তি নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধ রয়েছে। এর জেরে গত ৩১ মে সকাল আটটার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের গালিগালাজ করেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন শাহাদাৎ হোসেন ফাহিম (২২), শাহজাহাল হোসেন নাঈম (৩০), শাহজাহান হাওলাদার (৫০) ও শাহিদা বেগম (৪৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
অভিযোগে আরও বলা হয়, গালিগালাজে বাধা দিলে চামেলি আক্তারের স্বামীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে চামেলি আক্তারকেও মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ছাড়া অভিযুক্তরা তাদের বসতঘরের টিনের বেড়া কেটে ও ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস