জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০২:০০ পিএম
সিরাজগঞ্জে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো এবং চুল কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র শাকিলকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মামলার মূল আসামি মো. রাকিবকে কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
সোমবার (১ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
ঈদের দিন (২৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীটি জানায়, কয়েকদিন আগে ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে শাকিল ও তার বন্ধুদের তর্কাতর্কি হয়েছিল। তারও তিন থেকে চার দিন আগে একটি সেলুনে চুল কাটাকে কেন্দ্র করে অপর দুই আসামি শাকিল (২৪) ও সাব্বিরের (২৬) সঙ্গে ঝগড়ার সময় রাকিব ঘটনাস্থলে উপস্থিত হলে আবারো উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এসব ঘটনার জের ধরেই ঈদের দিন সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ছোনগাছা বাজার সংলগ্ন চামেলী মোড় এলাকায় মো. জহুরুল ইসলামের টং দোকানের সামনে শাকিলকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পরদিন ২৯ মে নিহতের ভাই মো. রহমত উল্লাহ বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান বলেন, ঈদের দিন হত্যাকাণ্ডটি ঘটে। এরপরই পুলিশ সুপারের দিকনির্দেশনায় সিরাজগঞ্জ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ শুরু করে। একপর্যায়ে আমরা রাকিবকে কক্সবাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথাটি স্বীকার করেছেন।
হাফিজুর রহমান আরো বলেন, মূলত দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো নিয়ে পূর্ব শত্রুতা ছিল।
সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সহ-সভাপতি হীরক গুণ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজুসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এমআর