জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০১:২১ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়।
সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কাছের ভাড়াউড়া চা-বাগান এলাকার ২৯০/৪ নম্বর পিলারসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেসের সঙ্গে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, ক্রসিংটিতে গেট না থাকায় ট্রাক্টরটি রেললাইনে উঠে পড়লে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর ট্রেনটি প্রায় ১০০ মিটার দূর পর্যন্ত ট্রাক্টরটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক্টরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনের প্ল্যাটফর্মে এসে থামে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলটি একটি ইঞ্জিনিয়ারিং গেট। সেখানে গেটম্যান দায়িত্বে ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহত ট্রাক্টরচালক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রতিনিধি/এমআর