জেলা প্রতিনিধি
০১ জুন ২০২৬, ০৯:১৯ এএম
মুন্সিগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোফাজ্জল নামে ৩৮ বছর বয়সী এক যুবককে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৩১ মে) সন্ধ্যায় মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর পর তাকে কারাগারে নেওয়া হয়। এর আগে গত শনিবার (৩০ মে) রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গা-ভাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত মোফাজ্জলকে আটক করা হয়।
আটক মোফাজ্জল পটুয়াখালীর কলাপাড়া থানার মেলাপাড়া এলাকার মৃত আকরাম শরীফের ছেলে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব নিশ্চিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার এক বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকতেন মোফাজ্জল। পাশাপাশি কক্ষে বসবাসের সুবাদে মোফাজ্জলের সঙ্গে ওই বাড়ির এক কিশোরীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে মোফাজ্জল বিভিন্ন সময় নিজ কক্ষে ডেকে নিয়ে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, গত ১৮ মে রাত আনুমানিক ৩টার দিকে কিশোরীকে ধর্ষণের সময় তার বাবা-মা ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে শনিবার (৩০ মে) রাতে স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
এ ঘটনায় ধর্ষণ ও নারী নির্যাতন আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।
প্রতিনিধি/এমআর