images

সারাদেশ

নবাবগঞ্জে রেলিংবিহীন সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

উপজেলা প্রতিনিধি

৩১ মে ২০২৬, ০১:২৩ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাঙাপাড়া খালের ওপর নির্মিত সেতুর রেলিং না থাকায় চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে যানবাহন। দীর্ঘ ১০ বছর ধরে রেলিংবিহীন এই সেতুটি দিয়ে মানুষ যাতায়াত করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। ইতোমধ্যে সেতু থেকে নিচে পড়ে একাধিক যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ছত্রপুর, করপাড়া, ভাঙাপাড়া, জৈনতপুর ও দীর্ঘগ্রাম এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য ২০০২ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সেতুটি নির্মাণ করে। নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর রেলিং ধসে রড বের হয়ে যায়। একপর্যায়ে রেলিংয়ের সেই রডও উধাও হয়ে যায়। এরপর থেকেই দুই পাশে কোনো সুরক্ষা দেওয়াল বা রেলিং ছাড়াই পথচারীসহ মোটরসাইকেল, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাগুলো চলাচল করছে।

দীর্ঘ এক দশক ধরে রেলিংবিহীন থাকা এই সেতুটি দিয়ে পারাপারের সময় প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্ক তাড়া করে চালক ও যাত্রীদের। সেতুটি একদিকে যেমন সরু, অন্যদিকে সংযোগ সড়ক থেকে সেতুতে ওঠার অংশটি অতিরিক্ত ঢালু। ফলে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে খালের মধ্যে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, এ পর্যন্ত অন্তত ১০-১২টি যানবাহন খালে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। প্রায় চার বছর আগে আলাউদ্দিন নামে এক ব্যক্তি এই সেতু থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিন মাস পর তিনি মারা যান।

বারুয়াখালী এলাকার বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘সেতুর রেলিং দ্রুত মেরামত করা জরুরি। বড় কোনো দুর্ঘটনা এড়াতে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

ইজিবাইক চালক সাগর হোসেন জানান, জীবিকার তাগিদে প্রতিদিন এই পথ দিয়েই গাড়ি চালাতে হয়। কিন্তু দুই পাশে রেলিং না থাকায় সবসময় আতঙ্কে থাকতে হয়। রেলিংটি মেরামত করা হলে অন্তত নির্ভয়ে গাড়ি চালানো যেত।

এই বিষয়ে নবাবগঞ্জ উপজেলা এলজিইডির প্রধান প্রকৌশলী নাজমুল করিম জানান, সেতুটি এলজিইডির অর্থায়নে নির্মিত হয়েছে কি না তা প্রথমে নিশ্চিত হতে হবে। যদি হয়েও থাকে, বর্তমান নীতিমালার কারণে পুরোনো ও কম প্রশস্ত সেতুর রেলিং মেরামতের জন্য আলাদা অর্থ বরাদ্দ পাওয়া যায় না। তবে ওই স্থানে অন্তত দুটি গাড়ি যেন পাশাপাশি চলাচল করতে পারে, এমন একটি নতুন ও প্রশস্ত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধি/একেবি