জেলা প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১২:১৩ পিএম
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নার্সারি পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে মামলার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত আব্দুর রাশিদ (৩৬)।
রোববার (৩১ মে) বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত আ. রাশিদ উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদিঘী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে ভুক্তভোগী শিশুটির মা সকাল থেকে বাড়ির পাশে মাঠে ধান ও খড় শুকানোর কাজ করছিলেন। ঘরে একাই ছিল শিশুটি। এদিকে সুযোগ পেয়ে দুপুরে প্রতিবেশী আব্দুর রাশিদ শিশুটিকে ডেকে গোয়াল ঘরে নিয়ে মুখ চেপে ধরে, শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং ধর্ষণ চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে মুখ থেকে হাত সরিয়ে চিৎকার দেয় শিশুটি। চিৎকার শুনে শিশুটির মা বাড়িতে দৌড়ে আসে। এদিকে আব্দুর রাশিদ দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা সালিশের মাধ্যমে সমাধানের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। অবশেষে গতকাল শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আব্দুর রাশিদের বিরুদ্ধে বারহাট্টা থানায় লিখিত অভিযোগ করেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, এ ঘটনায় গতকাল রাতেই মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস