জেলা প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১০:৩৯ এএম
মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাতিজা ও ভাবিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছোট ভাইয়ের হাতের ধারালো অস্ত্রের কোপে বড় ভাই গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
শনিবার (৩০ মে) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী ছালাম মোল্লা (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত আব্দুস ছালাম ও তার ছোট ভাই ইউসুফ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি সেই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। স্থানীয়দের ধারণা, জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই ভাইয়ের সম্পর্কের অবনতি ঘটে এবং তারই জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তারা আরও জানান, ঘটনার রাতে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে ভাই ছালামের বাড়িতে প্রবেশ করে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালায়। নৃশংস ওই হামলায় ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় বাধা দিতে গেলে ইউসুফ তার বড় ভাই আব্দুস ছালামের ওপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস