জেলা প্রতিনিধি
৩১ মে ২০২৬, ০৮:১৭ এএম
বাগেরহাটের রামপাল উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে মামা-ভাগ্নেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাদের একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩০ মে) সকালে উপজেলার চাকশ্রী মৌরাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতরা হলেন শেখ ওহিদ (৪১) ও তার মামা শেখ আব্দুস ছালাম (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার এসআই বাবু প্রদীপ কুমার।
স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের অভিযোগ, চাকশ্রী মৌরাঙ্গা এলাকার একটি মাছের ঘের জোরপূর্বক কেটে দখলের চেষ্টা চালায় একদল দখলবাজ। এ সময় শেখ ওহিদ ও শেখ আব্দুস ছালাম বাধা দিলে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করে। পরে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
আহত শেখ ওহিদ উপজেলার বারুইপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ও শেখ আব্দুস ছালাম একই গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে। সম্পর্কে তারা মামা ভাগ্নে।
রামপাল থানার এসআই বাবু প্রদীপ কুমার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস